আগস্ট ১৪, ২০২৬, ০২:৫৯ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও প্রখ্যাত ধর্মীয় বক্তা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ। ২০২৩ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে তার দীর্ঘ রাজনৈতিক জীবন, ধর্মীয় আলোচনা এবং আইনগত বিতর্কিত অধ্যায়গুলো আবারও জনমনে আলোচনায় উঠে এসেছে।হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর বিএসএমএমইউ হাসপাতালে তার মৃত্যু হয়েছিল।
১৯৪০ সালের ফেব্রুয়ারিতে পিরোজপুরে জন্ম নেওয়া দেলাওয়ার হোসাইন সাঈদী প্রাথমিক শিক্ষার পর ধর্মীয় ও বিভিন্ন বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। ১৯৬৭ সাল থেকে তিনি ইসলামী বক্তা হিসেবে দেশজুড়ে তাফসির মাহফিল ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেন। পরবর্তীতে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তিনি ১৯৭৯ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং দলটির কেন্দ্রীয় নেতৃত্বে আসেন। ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সংসদীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেন।
তার বর্ণাঢ্য ধর্মীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলা তার জীবনের অন্যতম আলোচিত অধ্যায় হিসেবে চিহ্নিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ২০১৩ সালে মৃত্যুদণ্ড পাওয়ার পর আপিল বিভাগ ২০১৪ সালে তা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।
মৃত্যুর পূর্বে তিনি দীর্ঘ সময় কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন এবং অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।চিকিৎসায় অবহেলার অভিযোগ নিয়ে পরিবার ও দলের পক্ষ থেকে নানা প্রশ্ন তোলা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ আন্তর্জাতিক প্রটোকল অনুসরণের কথা জানিয়েছিল।মৃত্যুর তিন বছর পরেও তার রাজনৈতিক অবস্থান ও ধর্মীয় প্রভাব নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন