বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গুমের শিকার ব্যক্তিদের উদ্ধার ও বিচারের দাবি জামায়াত আমিরের

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ১০:৫৩ পিএম

গুমের শিকার ব্যক্তিদের উদ্ধার ও বিচারের দাবি জামায়াত আমিরের

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং এই ধরনের অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে চরম অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

জামায়াতের আমির বলেন, অতীতে বিভিন্ন সময়ে বিরোধী দলের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ গুমের শিকার হয়েছেন এবং বছরের পর বছর পার হলেও তাদের সন্ধান মেলেনি। বিরোধী মত ও কণ্ঠরোধ করার উদ্দেশ্যে গোপন বন্দিশালা তৈরি করা হয়েছিল, যা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সাবেক কিছু ব্যক্তি ফিরে এলেও বহু নিখোঁজ ব্যক্তির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এছাড়া গুম প্রতিরোধ ও প্রতিকার আইন সংক্রান্ত খসড়া ও তদন্ত প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গুমের মতো বিশেষ অপরাধের তদন্ত সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ ব্যবস্থার মাধ্যমে হওয়া উচিত।

গুমকে বিশেষ অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে দ্রুত বিচারের জন্য কার্যকর আইনি কাঠামো গড়ে তোলার দাবি জানিয়ে তিনি নিখোঁজ ব্যক্তিদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।