সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৫:৫৬ পিএম
দেশের সব সরকারি-বেসরকারি পাঠাগার ও প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ‘মুজিব কর্নার’গুলোকে সংস্কার করে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’-এ রূপান্তরের প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্ন উত্থাপনকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে তিনি এই প্রস্তাব তুলে ধরেন। তাঁর এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।
সংসদে প্রস্তাবটি উত্থাপনের পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। সংসদ সদস্য মারদিয়া মমতাজ সংসদে জানান, বিগত সরকারের আমলে সাড়ে বাইশ কোটি টাকা ব্যয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগারগুলোতে এই কর্নার স্থাপন করা হয়েছিল এবং সেখানে প্রায় পয়ষট্টি হাজার সাতশত কপি বই সরবরাহ করা হয়।
তবে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে এসব কর্নারের শিরোনাম সরিয়ে নেওয়া হলেও বই ও স্থানগুলো বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে। এই প্রেক্ষাপটে তিনি কর্নারগুলোকে সংস্কারের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত কর্নারে রূপান্তরের দাবি জানান। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জবাবে জানান যে সরকার এই ধরনের প্রস্তাব অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে দেখছে।
তিনি সংসদ সদস্যকে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ লিখিত রূপরেখা ও সংশ্লিষ্ট গ্রন্থাগারগুলোর বিস্তারিত তালিকা মন্ত্রণালয়ে জমা দেওয়ার অনুরোধ করেন। মন্ত্রী আরও জানান, সরকারি গণগ্রন্থাগার ও জাতীয় গ্রন্থকেন্দ্রের অধীন বেসরকারি পাঠাগারগুলো তৃণমূল পর্যন্ত বিস্তৃত থাকায় লিখিত প্রস্তাব পেলে কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে দ্রুত বাস্তবায়নমূলক পদক্ষেপ নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন