সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৯:০০ পিএম
জাতীয় সংসদে দেশের জ্বালানি সংকট ও বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা। সোমবার অধিবেশন চলাকালে তিনি জানান, বিদ্যুৎ উৎপাদনে সরকারের বকেয়া ৫৯ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। এই বিশাল বকেয়ার কারণে উৎপাদনকারীরা প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে পারছেন না বলে তিনি অভিযোগ করেন। সক্ষমতা থাকার পরও দেশে বিদ্যুৎ ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বিরোধীদলীয় নেতা গত আগস্ট মাসের পরিসংখ্যান তুলে ধরে বলেন, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৯ হাজার ৫০০ মেগাওয়াট। ওই সময়ে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৭ হাজার মেগাওয়াট। চাহিদার চেয়ে সক্ষমতা অনেক বেশি থাকার পরও প্রতিদিন গড়ে দুই হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি ছিল। উৎপাদকদের বকেয়া অর্থ পরিশোধ করতে না পারায় এমন সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি সংসদকে জানান।
গ্যাস ও কয়লা সংকট প্রসঙ্গেও তিনি বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, একসময় দেশে ব্যবহৃত গ্যাসের ৮০ শতাংশ নিজস্ব উৎস থেকে আসত এবং ২০ শতাংশ আমদানি করতে হতো। কিন্তু স্থলভাগে নতুন কূপ খননে পর্যাপ্ত উদ্যোগ না নেওয়া এবং পুরোনো কূপের চাপ কমে যাওয়ায় আমদানির ওপর নির্ভরতা ক্রমশ বাড়ছে। প্রতিবেশী দেশগুলো সমুদ্র থেকে সফলভাবে গ্যাস তুললেও বাংলাদেশ এখনো অফশোরে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেনি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।
কয়লাভিত্তিক সাতটি বিদ্যুৎকেন্দ্রের কথা উল্লেখ করে তিনি অতীত অব্যবস্থাপনার কথা স্মরণ করিয়ে দেন। বিগত সরকারের আমলে বড়পুকুরিয়া খনি থেকে হাজার হাজার টন কয়লা গায়েব হয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানকার উদ্বৃত্ত কয়লা দিয়ে অন্যান্য কেন্দ্রগুলো চালানো সম্ভব কি না, তা নিয়ে সরকারের কাছে একটি স্পষ্ট কারিগরি রূপরেখা ও পদক্ষেপ থাকা জরুরি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন