সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৩:৪০ পিএম
বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই শিল্পীর মৃত্যু সংস্কৃতি জগতে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। শনিবার রাত সোয়া ১০টায় ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, "দেশের বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের ইহধাম ত্যাগে সংগীত জগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। এতে লোকসংগীত ও সংস্কৃতির ভুবনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।"
তিনি আরও বলেন, "তার কণ্ঠে গাওয়া গানগুলো সংগীতপ্রিয় মানুষদের দীর্ঘকাল মুগ্ধ করে রাখবে। লালনগীতি ছাড়াও শিল্পী জীবনে প্রয়াত ফরিদা পারভীন নানামাত্রিক গান গেয়ে অগণিত মানুষের ভালোবাসা লাভ করেছেন।"
বিএনপি মহাসচিব ফরিদা পারভীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন