সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৯:০২ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে জুমার নামাজ আদায়, মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় এবং গণসংযোগ করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি মিরপুর-১৩ তে অবস্থিত জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা ও জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার জানান, জুমার খুতবার আগে ডা. শফিকুর রহমান মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি নিজের জন্য দোয়া চেয়ে বলেন, বাংলাদেশ যাতে শান্তির পথে চলতে পারে, সেজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তাসলিম এবং ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো. শহিদুল্লাহ-সহ অন্যান্য স্থানীয় নেতারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন