সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আ.লীগ এখন প্রবাসেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:৫৯ পিএম

আ.লীগ এখন প্রবাসেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে

ছবি - সংগৃহীত

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ এখন প্রবাসেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে এবং তাদের এই বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) জাতীয় প্রেস ক্লাবের সামনে 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন' আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগের অনুসারীদের বিক্ষোভের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

লায়ন ফারুক বলেন, "আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচাল এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে। তাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।"

নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।