সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:১৮ পিএম
আসন্ন ঢাকা-১৫ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিজয় নিশ্চিত করার মাধ্যমে 'দ্বীনের বিজয়' ত্বরান্বিত করতে নারী সমাজকে ময়দানে সর্বশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন।
সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর মিরপুরে আয়োজিত এক মহিলা রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।সেলিম উদ্দিন বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা এবং এতে নারীর সম্মান, মর্যাদা ও অধিকার স্বীকৃত। তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে পুরুষদের মতো নারীদেরও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
তাই দেশ ও জাতির এই ক্রান্তিকালে নারীদের ঘরে বসে থাকলে চলবে না, বরং ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তাদের আপসহীন ভূমিকা পালন করতে হবে।তিনি আসন্ন নির্বাচনে ঢাকা-১৫ আসনসহ সারাদেশে দাঁড়ি পাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে নারী আন্দোলনের প্রতি সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
সেলিম উদ্দিন বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান একজন বরেণ্য জাতীয় নেতা, যিনি দেশ ও আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য। তার মেধা, সততা, যোগ্যতা এবং মানবসেবার কারণে তিনি 'মানবতার ফেরিওয়ালা' হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি ডা. শফিকুর রহমানের বিজয় নিশ্চিত করার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন