সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৪:২১ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনে ৩০টি আসন না দেওয়ায় জামায়াত আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনের দাবিতে চাপ সৃষ্টি করছে বলে যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতের একটি গণমাধ্যমে মির্জা ফখরুলের এমন বক্তব্য সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর এবং প্রতিহিংসাপরায়ণ। তিনি বলেন, “যদি এ বক্তব্য তার হয়ে থাকে, তবে বাধ্য হয়ে তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
একইসাথে এই বক্তব্য যদি তার হয়ে থাকে, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে, তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, ভারতের বাংলা দৈনিক 'এই সময়'-কে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছিলেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছিল, কিন্তু বিএনপি তাতে সম্মত না হওয়ায় জামায়াত এখন পিআর পদ্ধতির নির্বাচনের দাবি জানাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন