সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৪:৩৩ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনের কথা বলে পরাজিত শক্তিগুলো আবারও দেশে ফ্যাসিজম ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরও এই মহলটি আন্দোলন করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) "বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান" শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সেলিমা রহমান বলেন, যারা একসময় দেশের মানুষকে হত্যা করেছে এবং পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, সেই জামায়াত এখনো তাদের অতীতের আদর্শ ভুলতে পারেনি।
তিনি অভিযোগ করেন, তারা ক্ষমতা দখলের জন্য বিএনপির দীর্ঘদিনের আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করছে। তিনি বলেন, “বাংলাদেশের জনগণ এবং বিএনপি এটা কখনো হতে দিবে না।”
তিনি আরও বলেন, "অন্তর্বর্তী সরকার জনগণের কাছে নির্বাচিত সরকার ফিরিয়ে দিয়ে যাবে বলে কথা দিয়েছে। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরও বিভিন্ন চক্রান্ত করে নির্বাচনকে বন্ধ করা অথবা পেছানোর চেষ্টা চলছে।"
সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগের 'দোসররা' দেশকে আবারও ধ্বংস করবে, তা হতে দেওয়া হবে না। তিনি মন্তব্য করেন যে, যারা দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে, তারা বিদেশেও দেশের সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন