সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:৩৯ পিএম
ভারতের সঙ্গে সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান হোক, বিএনপি এমনটিই চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক 'এই সময়'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ভারত আওয়ামী লীগের চশমা দিয়ে বাংলাদেশকে দেখায় ভুল করেছে। তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগ ছাড়া ভারত অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখেনি। এর ফলে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের ক্ষোভ তীব্র ভারত-বিরোধিতায় পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি চায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ, তাদের শরিক দল এবং জাতীয় পার্টিসহ সবাই অংশ নিক। তিনি বলেন, শেখ হাসিনা যেমন ১৫ বছর ধরে প্রতিপক্ষকে নির্বাচনে দাঁড়াতে দেননি এবং তার শাস্তি পেয়েছেন, বিএনপিও একই কাজ করতে চায় না।
প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারিতে ভারতের প্রভাব ছাড়া নির্বাচন হবে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ওপর ভারতের প্রভাব থাকবেই। তবে তিনি অভিযোগ করেন, "সমস্যা হলো, বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছেন ভারতের শাসকেরা।"
তিনি জামায়াত ও বিএনপিকে একই বন্ধনীতে রাখার ধারণাকে ভুল বলে অভিহিত করেন। তিনি বলেন, "জামায়াত আর বিএনপির রাজনীতি তো এক নয়। আমরা অসাম্প্রদায়িক, মধ্যপন্থি একটি গণতান্ত্রিক দল।" তিনি বলেন, জামায়াত শুধুমাত্র নির্বাচনী শরিক। মির্জা ফখরুল আশ্বাস দেন, বিএনপি ভবিষ্যতে জামায়াতকে আর সুবিধা নিতে দেবে না।
মির্জা ফখরুল বলেন, "আমরা চাই, ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক। ভুল বোঝাবুঝির অবসান হোক।"



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন