সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৭:৩৯ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তারা আর কোনো শক্তি বলেই মনে করেন না। তিনি বলেন, “এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল। এখন আর তাদের কিছু নেই। ডাকলে লোকও আসে না।”
সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা 'এই সময়'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।সাক্ষাৎকারে এনসিপি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এনসিপি কখনো তাদের কাছে আসন চায়নি। তিনি অভিযোগ করেন, "এনসিপির এখন একমাত্র লক্ষ্য, বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া।"
অন্যদিকে, জামায়াত সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত ৩০টি আসন চেয়েছিল, কিন্তু বিএনপি তাতে উৎসাহ দেখায়নি। তিনি আরও বলেন, "আপনাকে আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেবো না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।"
মির্জা ফখরুল বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনের কথা বলাসহ জামায়াতের সব কৌশলই বিএনপির ওপর চাপ সৃষ্টির চেষ্টা। তিনি বলেন, জামায়াত প্রচলিত পদ্ধতিতেই নির্বাচনে অংশ নেবে।
ফখরুল আরও বলেন, দেশের মানুষ, সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নির্বাচন চান। তিনি বলেন, "নির্বাচন প্রচলিত পদ্ধতিতেই হবে, মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন।"



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন