সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৩:৪০ পিএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় এয়ারপোর্টের নিকটবর্তী থানায় তিনি এই মামলা করেন। একটি ভিডিওবার্তার মাধ্যমে আখতার হোসেন নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, বিমানবন্দরের হামলার পর আওয়ামী লীগ সমর্থক সন্ত্রাসীরা আবার তাদের হোটেল লবিতে হামলা করার উদ্দেশ্যে এসেছিল। সে সময় যুক্তরাষ্ট্রে থাকা এনসিপির নেতাকর্মীরা ও তাদের শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর পুলিশের তদন্তকারী কর্মকর্তা তাদের মামলা করার পরামর্শ দেন।
আখতার হোসেন আরও বলেন, তিনি মার্কিন পুলিশকে জানিয়েছেন, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, তারা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সমর্থক সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, তারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি বিশ্বাস করেন, এসব অপরাধের আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব।
উল্লেখ্য, গত সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এই হামলার ঘটনা ঘটে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন