সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:২৩ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বাংলাদেশে বারবার স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই।
তিনি অভিযোগ করেন, জনগণের স্বার্থের গুরুত্বপূর্ণ বিষয় পিআর পদ্ধতি নিয়ে আলোচনায় সংস্কার কমিশন বারবার উপেক্ষা করার কারণেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।শুক্রবার (২৬ সেপ্টেম্বর, ২০২৫) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন ঢাকা-৮ আসনের আয়োজনে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
গাজী আতাউর রহমান বলেন, যে নির্বাচন ব্যবস্থার কারণে দেশে বারবার স্বৈরাচার তৈরি হয়, ছাত্র-জনতা সেই সিস্টেমকে জিইয়ে রাখতে জুলাই অভ্যুত্থানে জীবন বিসর্জন দেয়নি।তিনি বলেন, প্রচলিত নির্বাচন পদ্ধতির পরিবর্তন করাই হলো জুলাই বিপ্লবের মূল চাহিদা।
প্রচলিত পদ্ধতির নির্বাচন মানেই স্বৈরাচারের তৈরির আয়োজন। ২০২৪ পরবর্তী বাংলাদেশে নতুন করে স্বৈরাচার তৈরির সকল পথ বন্ধ করতে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প কোনো পথ নাই।"বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেন, জুলাই সনদ এক বছর পর ঘোষণা করা হলেও এখন পর্যন্ত সেটিকে আইনি ভিত্তি দেওয়া হয়নি।
তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত দাবি জানান: দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। ২. নির্বাচনের আগে 'পতিত স্বৈরাচারের বিচার' দৃশ্যমান করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেনের সভাপতিত্বে এই সমাবেশে নগর সেক্রেটারি আলহাজ আবদুল আউয়াল মজুমদারসহ ঢাকা মহানগর দক্ষিণ ও থানা শাখার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন