রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে জামায়াতের ‍‍`পোলিং এজেন্ট‍‍` প্রশিক্ষণ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ১১:৩৩ পিএম

ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে জামায়াতের ‍‍`পোলিং এজেন্ট‍‍` প্রশিক্ষণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন বিভাগ আয়োজিত 'পোলিং এজেন্ট প্রশিক্ষক কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করতেই এই আয়োজন। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ঢাকা মহানগরীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী ৫-দফা দাবি তুলে ধরেছে। তিনি জোর দেন যে, জামায়াত বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চায়।

তিনি বলেন, আমাদের ৫-দফা গণদাবি জনগণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। দেশের জনগণ এই দাবির প্রতি সমর্থন দিয়ে রাজপথে নেমে এসেছে। তিনি সতর্ক করে বলেন, বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের এই দাবি মেনে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা।

 সরকার যদি যৌক্তিক দাবি উপেক্ষা করে, তাহলে দেশের জনগণ ন্যায্য দাবি আদায়ের জন্য কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। তিনি দ্বিতীয় দফায় ঘোষিত তিন দিনের কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।

কর্মশালায় বিভিন্ন বিষয়ের ওপর দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাচন বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এবং সদস্য জনাব মোবারক হোসাইন। অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।