বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জামায়াতের নতুন আমির নির্বাচন ডিসেম্বরে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ০৭:১৪ পিএম

জামায়াতের নতুন আমির নির্বাচন ডিসেম্বরে

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ডিসেম্বরে। সারাদেশে ছড়িয়ে থাকা দলটির এক লাখের বেশি রুকন সদস্য গোপন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাঁদের সর্বোচ্চ নেতা নির্বাচন করবেন। গঠনতান্ত্রিক বাধ্যবাধকতায় জাতীয় নির্বাচনের আগেই এই ভোট দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামোতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে।

প্রতিষ্ঠার পর ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করে আসা জামায়াতে ইসলামী ২৪'র অভ্যুত্থানের পর বর্তমানে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এক দিকে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজপথে যেমন সরব দলটি, তেমনি আগামী জাতীয় নির্বাচনে সব আসনে প্রার্থী ঠিক করে ক্ষমতার লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে জোরেশোরে।

এরই মধ্যে গুঞ্জন উঠেছে যে, আগামী ডিসেম্বরে দলটির সর্বোচ্চ নেতার পদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে পারে।আমিরের মেয়াদ: জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী পদটি হলো আমির। গঠনতন্ত্র অনুযায়ী, সারা দেশে থাকা রুকন সদস্যদের ভোটে তিন বছরের জন্য একজন আমির নির্বাচিত হন। বর্তমানে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করা ডা. শফিকুর রহমানের মেয়াদ শেষ হবে ডিসেম্বরে।

আমিরের দায়িত্ব: নির্বাচিত আমির পরবর্তীতে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারিসহ নির্বাহী দায়িত্বশীল পদগুলোতে দলের নেতাদের দায়িত্ব দিয়ে থাকেন।দলটির গঠনতন্ত্র অনুযায়ী, আমির নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা তিন জনের একটি প্যানেল নির্বাচন করেন। সাধারণত এই প্যানেল থেকেই সারা দেশের রুকন সদস্যরা গোপন ভোটে একজনকে আমির হিসেবে নির্বাচিত করেন। তবে ভোটাররা চাইলে প্যানেলের বাইরের যে কাউকে ভোট দিতে পারেন।

দলের একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে আমির নির্বাচনের দুটি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে:প্রথম প্যানেল: বর্তমান আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম।

দ্বিতীয় প্যানেল: প্রথম প্যানেলের এ টি এম আজহারের পরিবর্তে আছেন বর্তমান আরেক নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নাম।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের নিশ্চিত করেছেন, ২৫ ডিসেম্বরের আগে দলের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিঃসন্দেহে, আসন্ন জাতীয় নির্বাচনের মতো বিশাল চ্যালেঞ্জ নতুন আমিরের কাঁধেই বর্তাবে।