বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শিগগিরই প্রতি আসনে একক প্রার্থী ঘোষণা করবে বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ০৮:০৬ পিএম

শিগগিরই প্রতি আসনে একক প্রার্থী ঘোষণা করবে বিএনপি

ছবি - সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক একক প্রার্থী চূড়ান্ত করার কাজ দ্রুতগতিতে চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে।শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দলীয় প্রস্তুতি এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তাঁর দাবি, আওয়ামী লীগ এখন দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে ষড়যন্ত্র করছে।তিনি সরকারের প্রতি অভিযোগ তুলে বলেন, যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা করেনি সরকার। তিনি মনে করেন, রহস্যজনক কারণে এই মামলাগুলো এড়িয়ে যাওয়া হয়েছে।

আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। তিনি বলেন, "আমরা চাই, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হোক।"নির্বাচনকে ঘিরে শরিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, জোট গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা হচ্ছে।

সংবিধান সংস্কারের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। সংবিধান ছাড়া অন্য সব বিষয়ে সংস্কারের জন্য সব দলের ঐকমত্য রয়েছে। তবে তিনি সতর্ক করে দেন, নির্বাহী আদেশে সংবিধান সংস্কার হলে তা খারাপ নজির হয়ে থাকবে এবং ভবিষ্যতে দেশে অস্থিরতা সৃষ্টি করবে। বিএনপি চায়, সাংবিধানিক পরিবর্তন যেন একটি স্থিতিশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে।