অক্টোবর ৫, ২০২৫, ০৫:৫৩ পিএম
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদের আইনি কাঠামো এবং আধিপত্যবাদ বিরোধী কৌশলগত অবস্থান নির্ধারণে বৈঠকে বসেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার সন্ধ্যায় রাজধানীর কামরাঙ্গীরচরে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীব। অন্যদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। উভয় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উভয় দল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বলে জানা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, সংসদের উচ্চ-কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, জুলাই গণহত্যা এবং শাপলা চত্বরের ঘটনাসহ বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে একমত পোষণ করা।
এছাড়াও, বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানবাধিকার রক্ষায় যেকোনো ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে দুই দলের নেতারা ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের আবহে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন