বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন চরমোনাই পীর?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৮:৫৫ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন চরমোনাই পীর?

ছবি - সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (চরমোনাই পীরের ভাই) বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে শুধু দল বা নেতা পরিবর্তন করলে হবে না, বরং নীতি ও আদর্শের পরিবর্তন আনতে হবে। তিনি চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে ব্যর্থতার অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন।

রোববার (৫ অক্টোবর) বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।মুফতি ফয়জুল করিম বলেন, “আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে। তাদের শাসনে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারও জুলুম, অত্যাচার ও খুন-খারাপি বন্ধ করতে পারেনি।”

স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “নরসিংদীর চাঁদাবাজদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। যদি তা করতে না পারেন, তবে আপনার উচিত স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়া। এমন অযোগ্য উপদেষ্টা এ দেশের মানুষ দেখতে চায় না।”

সমাবেশে তিনি পার্বত্য শান্তিচুক্তির বিরোধিতা করে বলেন, বাংলাদেশের সকল নাগরিকের জন্য এক আইন থাকতে হবে এবং পার্বত্য অঞ্চলের জন্য ভিন্ন কোনো আইনের প্রয়োজন নেই। এ ছাড়া তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননাকারী এবং দুর্গাপূজায় প্রতিমার মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।