রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ার অঙ্গীকার করলেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ১১:০৩ পিএম

দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ার অঙ্গীকার করলেন তারেক রহমান

ছবি - সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নীতি পরিহার করে সারাদেশজুড়ে পরিকল্পিত ও সুষম নগরায়ন করা হবে, যাতে প্রতিটি অঞ্চলের নাগরিক উন্নত জীবনযাপনের সুযোগ পায়। ‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে রোববার (৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অঙ্গীকার করেন।

তারেক রহমান তার পোস্টে বিএনপির ঘোষিত ৩১ দফা প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাসস্থান মানুষের মৌলিক অধিকার। তিনি বলেন, বিএনপির ২৯ দফায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ এবং ৩১ দফায় পরিকল্পিত ও সুষম নগরায়নের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে, যা একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার রোডম্যাপ।

তিনি আরও বলেন, অপরিকল্পিত নগরায়ন এবং জলবায়ু ঝুঁকির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন। এই লক্ষ্যে বিএনপি একটি ‘ন্যাশনাল গ্রিন মিশন’ চালু করবে, যার আওতায় দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে।

তারেক রহমান তার পরিকল্পনা তুলে ধরে বলেন, নদী পুনরুদ্ধার, বর্জ্যকে সম্পদে রূপান্তর, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ব্লু-ইকোনমি বা সমুদ্র অর্থনীতি সম্প্রসারণের মাধ্যমে দেশের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি দেশের বাসস্থান রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।