রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এক আবরারের রক্ত থেকে লাখো আবরার জন্ম নেবে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ০৬:৪২ পিএম

এক আবরারের রক্ত থেকে লাখো আবরার জন্ম নেবে

ছবি - সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, “এক আবরারের রক্ত থেকে লাখো আবরার জন্ম নেবে। জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছে আবরারদের মতো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে।” তিনি বলেন, এই আত্মত্যাগই গণঅভ্যুত্থানের সিঁড়ি নির্মাণ করেছে, যা শাপলা চত্বরের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সালাউদ্দিন আহমেদ বলেন, “পৃথিবীর প্রতিটি জায়গায় বড় দেশগুলোর পরিকল্পনা থাকে কীভাবে পার্শ্ববর্তী ছোট দেশগুলোতে আধিপত্য বিস্তার করা যায়।

তারা অনুগত শাসক তৈরি করে শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতিতে প্রভাব বিস্তার করে। শহীদ আবরার ফাহাদ সেই আধিপত্যবাদেরই শিকার হয়েছিলেন।”তিনি বলেন, নির্বাসিত জীবনে থেকেও তিনি দেশের তরুণ সমাজের মধ্যে দেশপ্রেমের আগুন জ্বলতে দেখেছেন। তার মতে, যারা দেশের পক্ষে কথা বলে, তাদের জীবন কেড়ে নিলেই প্রতিরোধ থেমে যাবে না।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতির ওপর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই তিনটি শব্দেই জাতির মুক্তির পথ নিহিত আছে। যদি আমরা এই নীতি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে জাতি কোনোদিন ভুল পথে পরিচালিত হবে না।আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।