অক্টোবর ৭, ২০২৫, ০৮:৪৫ পিএম
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচন আদায়ের লক্ষ্যে আগামী শুক্রবার, ১০ অক্টোবর, ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে রাষ্ট্র সংস্কারের কাজ আশানুরূপভাবে এগোচ্ছে না এবং পিআর পদ্ধতিই এর একমাত্র সমাধান।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক নিয়মিত বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ।
বৈঠকে ইউনুছ আহমাদ বলেন, “জুলাইয়ের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ আশানুরূপ হয়নি। সংস্কারের যেসব প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তার আইনি ভিত্তি এখনো নিশ্চিত করা যায়নি। আবার মৌলিক অনেক সংস্কার ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বাতিলযোগ্য করে রাখা হয়েছে।” তিনি বলেন, এমন বাস্তবতায় পিআর পদ্ধতির নির্বাচন আদায়ের জন্য ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত লড়াই করে যাবে।
এদিন শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী স্মরণ করে তিনি বলেন, “যে অশুভ রাজনীতির কারণে আবরারের মতো মেধাবী ছেলেকে জীবন দিতে হলো, সেই পুরোনো রাজনীতি যাতে আর কোনোদিন ফিরে না আসে, তা নিশ্চিত করতে হবে।”বৈঠকে দলের যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন