অক্টোবর ৮, ২০২৫, ১০:৪৩ পিএম
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করতে এবং রাজনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে একটি জাতীয় ঐক্যের সরকার গঠন অপরিহার্য। তিনি বলেন, শুধুমাত্র একটি জাতীয় ঐক্যের সরকারই পারে সকল সংকট মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে।বুধবার (৮ অক্টোবর) বিকেলে খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আজিজুল বারী হেলাল বলেন, “গত ১৭ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি সব সময় গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলন করে আসছে। এবার যাতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য প্রশাসন, নির্বাচন কমিশন এবং জনগণকে একযোগে কাজ করতে হবে।”
তিনি নির্বাচন পিছিয়ে দেওয়ার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কেউ কেউ নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা ফ্যাসিবাদী শক্তির পক্ষেই কথা বলা। বিএনপি নির্বাচনের মাধ্যমেই পরিবর্তন ও গণতন্ত্র চায়, তাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।”
এ সময় তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা অন্যায় করে, জমি দখল ও চাঁদাবাজি করে, তারা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহি স্পিকারের সভাপতিত্বে সমাবেশে খুলনা জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন