অক্টোবর ৮, ২০২৫, ১১:৩০ পিএম
দীর্ঘ কারাবাস ও গৃহবন্দী জীবনের পর প্রথমবারের মতো দলের প্রতিষ্ঠাতা ও স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (৮ অক্টোবর) রাতে তিনি রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই চন্দ্রিমা উদ্যান এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সংগঠন যুবদল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে শুরু করেছেন। পুরো এলাকায় এক আবেগঘন ও উদ্দীপনামূলক পরিবেশের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পেয়ে কারাগারে যাওয়ার আগে সর্বশেষ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছিলেন বেগম খালেদা জিয়া। এরপর দীর্ঘ প্রায় ৮ বছর তিনি আর সেখানে যেতে পারেননি। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনে মুক্তি পাওয়ার পর এটিই তার প্রথম জিয়ারত, যা জাতীয় রাজনীতিতে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন