রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শুক্রবার গণমিছিল, কী দাবি জামায়াতসহ ৭ দলের?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ১০:৪৯ পিএম

শুক্রবার গণমিছিল, কী দাবি জামায়াতসহ ৭ দলের?

ছবি - সংগৃহীত

জুলাই সনদ’-এর আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুসহ বিভিন্ন দাবিতে আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীতে পৃথক পৃথকভাবে গণ-মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট সাতটি রাজনৈতিক দল। একই ধরনের দাবিতে যুগপৎ এই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার রাজপথে বড় ধরনের জমায়েতের প্রস্তুতি নিচ্ছে দলগুলো।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে একটি বিশাল গণ-মিছিল বের হবে। এতে নেতৃত্ব দেবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

একই সময়ে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গণ-মিছিল বের করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের মিছিলে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ। খেলাফত মজলিসও একই স্থান থেকে তাদের কর্মসূচি পালন করবে।এছাড়াও, খেলাফত আন্দোলন বিকেল ৪টায় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা বিকেল ৩টায় বিজয়নগর থেকে এবং নেজামে ইসলাম পার্টি বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে নিজ নিজ দাবিতে গণ-মিছিল করবে।

দলগুলোর অভিন্ন দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং আওয়ামী লীগের জোটসঙ্গী ১৪ দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা। এই যুগপৎ কর্মসূচিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থানে দেখা গেছে।