বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন: মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ০২:৪৫ পিএম

গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন: মির্জা ফখরুল

ছবি - সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একটি সুযোগ সৃষ্টি হয়েছে এবং সেই সুযোগকে কাজে লাগানোর একমাত্র পথ হলো একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। তিনি বলেন, “যত সংস্কারই করি বা বুদ্ধিজীবীরা মিলে যত কৌশলই আবিষ্কার করার চেষ্টা করি, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা ছাড়া গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব নয়।”

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘শহীদ নাজিরউদ্দিন জেহাদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী। তারা বারবার গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং রক্ত দিয়েছে।”

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের তীব্র সমালোচনা করে বলেন, তিনি দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থাসহ সবকিছুকে তছনছ করে দিয়ে গেছেন।এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ‘শাপলা প্রতীক না পেলে ধানের শীষ বাতিল করতে হবে’—এমন বক্তব্যের সমালোচনা করেন। মির্জা ফখরুল বলেন, “ভাই, আমরা তো তোমাদের প্রতীকে বাধা দিইনি।

কোন প্রতীক কে পাবে, তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? কারণ ধানের শীষ অপ্রতিরোধ্য। সারাদেশে ধানের শীষের স্লোগান উঠেছে এবং একে আটকে দেওয়ার চেষ্টা চলছে।”শহীদ জেহাদ স্মৃতি পরিষদ’ আয়োজিত এই সভায় নব্বইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারাও বক্তব্য রাখেন।