অক্টোবর ১০, ২০২৫, ০৩:০৮ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, ১৯৯০ সালে শহীদ নাজির উদ্দিন জেহাদের রক্তের বিনিময়ে যেমন স্বৈরাচারী এরশাদ সরকারের পতন হয়েছিল, ঠিক তেমনি ২০২৪ সালের গণআন্দোলনে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ‘খুনি স্বৈরাচার হাসিনা সরকারের’ পতন হয়েছে। দেশের মানুষ আর কোনো নতুন স্বৈরাচারকে দেখতে চায় না।
শুক্রবার (১০ অক্টোবর) স্বৈরাচার প্রতিরোধ দিবস ও শহীদ নাজিরউদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকালে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে জেহাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আমান উল্লাহ আমান বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি, একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আবার গণতন্ত্রের পূর্ণ প্রত্যাবর্তন ঘটবে এবং জেহাদের মতো শহীদদের স্বপ্ন পূরণ হবে।”অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বক্তারা শহীদ জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বৈরাচারবিরোধী চেতনাকে ধারণ করে দেশের গণতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।উল্লেখ্য, ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের সময় রাজধানীর দৈনিক বাংলা মোড়ে পুলিশের গুলিতে নিহত হন তৎকালীন ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন