রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: গোলাম পরওয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ০৩:২৯ পিএম

দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: গোলাম পরওয়ার

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের অধিকাংশ মানুষ আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন চায় এবং জনগণের এই দাবিকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। তিনি বলেন, ‘জুলাই সনদ’ স্বাক্ষরের আগেই গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতি নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১০ অক্টোবর) পবিত্র জুমা নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে আয়োজিত এক বিশাল গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন’ এবং ‘পিআর পদ্ধতি চালু’সহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী এই গণমিছিলের আয়োজন করে।

সমাবেশে গোলাম পরওয়ার বলেন, “পিআর জনগণ বোঝে না—এমন একটি ভুল ধারণা প্রচার করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, দেশের মানুষ তাদের প্রতিটি ভোটের মূল্যায়ন চায়, যা শুধু পিআর পদ্ধতির মাধ্যমেই সম্ভব।”তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “ফ্যাসিবাদের দোসরদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য অপচেষ্টা চলছে।

বিশেষ দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে, যা নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগের ধারণাকে বিঘ্নিত করছে।”অন্য একটি রাজনৈতিক দলের (বিএনপি) দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “অনেকে দ্রুত নির্বাচন চায়, কিন্তু রাষ্ট্র সংস্কারের মতো মৌলিক বিষয়ে সহযোগিতা করে না। দলের চেয়ে দেশ বড়—এটি মুখে বললেও কাজে প্রমাণ করতে পারছে না।”