অক্টোবর ১০, ২০২৫, ০৬:৫৮ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত ‘শাপলা’ প্রতীক বরাদ্দ না পেলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি অভিযোগ করেছে, নির্বাচন কমিশন (ইসি) তাদের পছন্দের প্রতীক বরাদ্দ না দিয়ে স্বেচ্ছাচারিতা করছে এবং এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে।
দলটির নেতারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় তাদের পদযাত্রায় সমর্থকরা খাল-বিল থেকে শাপলা ফুল নিয়ে অংশ নিয়েছিল, যার মাধ্যমে এই প্রতীকের সঙ্গে দলের একটি ‘অর্গানিক’ বা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। তাই তারা এই প্রতীক ছাড়তে নারাজ।এনসিপির সদস্য সচিব আখতার হোসেন যুক্তি দেখিয়ে বলেন, “জাতীয় প্রতীকের অংশ হয়েও যদি ‘ধানের শীষ’ বা ‘তারা’ অন্য দলের প্রতীক হতে পারে, তাহলে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে কমিশনের কোনো আইনি বাধা থাকার কথা নয়।”
যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, শাপলা তাদের নির্ধারিত ৫০টি প্রতীকের তালিকায় নেই। তবে নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেছেন, “তালিকাবহির্ভূত নতুন প্রতীক বরাদ্দে ইসির কোনো আইনি বাধা নেই। বিধিমালায় একটি ছোট সংশোধনী আনলেই এটি সম্ভব, যা মূলত তাদের সদিচ্ছার ওপর নির্ভর করবে।”
এই পরিস্থিতিতে এনসিপির নেতারা বলছেন, প্রতীক বরাদ্দ না পাওয়ার কারণে যদি নির্বাচনকেন্দ্রিক কোনো অচলাবস্থার সৃষ্টি হয়, তার দায়ভার সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “আমরা এই প্রতীকের জন্য শেষ পর্যন্ত লড়ে যাব। যদি তারা এটা না দেয়, তাহলে আমরা নির্বাচনে যাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করব।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন