রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গণদাবি উপেক্ষার পরিনতি ভালো হয় না: ইসলামী আন্দোলন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ০৮:০১ পিএম

গণদাবি উপেক্ষার পরিনতি ভালো হয় না: ইসলামী আন্দোলন

ছবি - সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, জনগণের ৫ দফা দাবি মেনে নিতে সরকারের গড়িমসি গ্রহণযোগ্য নয় এবং গণদাবি উপেক্ষা করার পরিণতি কখনো ভালো হয় না। দলটি ‘জুলাই সনদ’-এর আলোকে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনসহ তাদের ঘোষিত ৫ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে পল্টন মোড় পর্যন্ত আয়োজিত এক বিশাল গণমিছিলে দলটির নেতারা এই হুঁশিয়ারি দেন। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে ইসলামী আন্দোলন এই কর্মসূচি পালন করে।

সমাবেশে বক্তারা বলেন, “জুলাইয়ের রক্তের চাহিদা ছিল দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে বিদায় করা। জনতার সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই আমরা পিআর পদ্ধতির প্রস্তাব করছি, যাতে কোনোদিন দেশে স্বৈরতন্ত্র ফিরে আসতে না পারে।”তারা আরও বলেন, “আমাদের সন্তানদের হত্যাকারী এবং সেই হত্যাকাণ্ডে সহায়তাকারীদের বিচারের মতো মৌলিক দাবি নিয়ে আমরা রাজপথে আন্দোলন করছি।

অথচ আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না, যা অত্যন্ত হতাশাজনক।”ঢাকার গণমিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এ সময় দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।