সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে হবে: লুৎফুজ্জামান বাবর

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ১১:২৮ এএম

ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে হবে: লুৎফুজ্জামান বাবর

ছবি - সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মুক্তি পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির প্রভাবশালী নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “আমরা সততা, ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করব।” তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ধরনের দখলবাজি ও চাঁদাবাজি করা যাবে না এবং সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা যুবদলের পরিচিতি সভা ও কর্মী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দীর্ঘদিন পর রাজনৈতিক কোনো কর্মসূচিতে অংশ নিয়ে লুৎফুজ্জামান বাবর তার কারাবাসের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “আমি দীর্ঘ ১৭ বছর জেল খেটেছি, নির্যাতনে ভুগেছি, কিন্তু আল্লাহ সহায় আছেন বলে বেঁচে আছি।”

তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে বলেন, “অনেক অত্যাচার, জেল, জুলুম ও নির্যাতনের পরেও আমাদের নেত্রী কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি।”বাবর নেতাকর্মীদেরকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ভালোভাবে জেনে (জনগণের কাছে) তুলে ধরার আহ্বান জানান।

তিনি বলেন, “শিগগিরই আমি বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে একটি বই প্রকাশ করে আপনাদের কাছে পাঠাব।”মোহনগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।