অক্টোবর ১২, ২০২৫, ০৩:৪৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের মনোনীত প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রথম পর্যায়ে ১০০টি আসনে তাদের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হবে।রোববার (১২ অক্টোবর) দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করা হবে। একই দিনে মনোনীত প্রার্থীদের নিয়ে একটি বিশেষ সভাও অনুষ্ঠিত হবে।দলীয় সূত্র জানায়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবি পার্টির গঠিত প্রার্থী বাছাই কমিটি তাদের কার্যক্রম শেষে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করে।
দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সেই প্রতিবেদন মূল্যায়নের পর প্রথম পর্যায়ে ১০০ আসনে দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।এর আগে, দলের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় এই প্রথম তালিকা ঘোষণা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেও দলটি জানিয়েছে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আগামী ১৬ অক্টোবরের সভাকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন