বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে ৭ দলের স্মারকলিপি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৪:১৮ পিএম

৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে ৭ দলের স্মারকলিপি

ছবি - সংগৃহীত

জুলাই সনদ’-এর ভিত্তিতে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি প্রদান করেছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (১২ অক্টোবর) দলগুলো পৃথক পৃথকভাবে এই স্মারকলিপি জমা দেয়।

জামায়াতে ইসলামীর পক্ষে ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের কাছে স্মারকলিপি হস্তান্তর করে। এ সময় নূরুল ইসলাম বুলবুল নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কোনো একটি দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করা হলে ইসিকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।” তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে প্রধান নির্বাচন কমিশনারের উচিত দায়িত্ব থেকে সরে যাওয়া।

এছাড়াও, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), খেলাফত মজলিসসহ অন্যান্য দলগুলোও নিজ নিজ দলের পক্ষ থেকে একই দাবিতে স্মারকলিপি প্রদান করে।

দলগুলোর অভিন্ন পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে: আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।