অক্টোবর ১২, ২০২৫, ০৬:৩৫ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না।” তিনি শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে আটককৃতদের সূর্যাস্তের আগেই মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধির ন্যায্য দাবি মানতে হবে। সরকারের বৈষম্যের এই মুনাফিকি আমরা মেনে নেব না।” তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদেরকে তাদের অবস্থানে অটল থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে আছে।”
এর আগে, সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা তাদের দাবি আদায়ে অবস্থান কর্মসূচি শুরু করলে দুপুরে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েকজনকে হেফাজতে নেয়। পরে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুনরায় তাদের অবস্থান কর্মসূচি শুরু করেন।
এ সময় এনসিপির আরেক নেত্রী সামান্থা শারমিন বলেন, “শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে। তাদের দাবিতে অবিচল থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এনসিপি সবসময় তাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন