অক্টোবর ১৩, ২০২৫, ০৩:৩৯ পিএম
জুলাই সনদ’ বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। নতুন কর্মসূচি অনুযায়ী, দলটি আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানী ঢাকাসহ সারাদেশের সকল বিভাগ ও জেলা শহরে একযোগে মানববন্ধন করবে।সোমবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এই কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে নেতারা বলেন, “ঘোষিত ৫ দফা দাবির প্রতি দেশবাসী ব্যাপক সমর্থন জানিয়েছে, যা জনগণের আকাঙ্ক্ষারই প্রতিফলন। সরকারের উচিত অবিলম্বে এই দাবিগুলো মেনে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করা।”তারা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। যেকোনো উপায়ে জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে।
অন্যথায় এ দেশের মানুষ তা বরদাশত করবে না।”দলটির ঘোষিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ঢাকার দৈনিক বাংলা মোড়ে একটি বৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন