অক্টোবর ১৩, ২০২৫, ০৪:৫৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা কোনো জোটে গেলেও এনসিপি নামে, নিজের প্রতীকেই নির্বাচন করব।”সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি আয়োজিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের সঙ্গে প্রতীক নিয়ে চলমান দ্বন্দ্বের বিষয়ে তিনি বলেন, “প্রত্যেক রাজনৈতিক দলই তাদের পছন্দের প্রতীক পেয়েছে, আমাদের পছন্দ শাপলা। আমরা আশা করি, নির্বাচন কমিশন আমাদের চাওয়া পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”একই সঙ্গে, তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার সহযোগীরা, যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার দৃশ্যমান না হলে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে।”
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাদের আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মধ্যেই মামলার রায় হতে পারে।চট্টগ্রাম বন্দরের দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, “দেশের স্বার্থে এবং রাজনৈতিক দলের নিয়ন্ত্রণমুক্ত করার জন্য সরকার কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না।
তবে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হলে যেকোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে এনসিপি।”সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন