অক্টোবর ১৪, ২০২৫, ১১:০৭ পিএম
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় এই প্রতিক্রিয়া জানান।
শোকবার্তায় তারেক রহমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন, তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।তিনি বলেন, “প্রিয়জনদের হারানোর বেদনা অত্যন্ত হৃদয়বিদারক। আমরা এই শোকের সময়ে তাদের পরিবারের পাশে আছি।”
এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকারকে অবশ্যই স্বচ্ছতার সঙ্গে এই অগ্নিদুর্ঘটনার তদন্ত করতে হবে এবং দায়ীদের অবিলম্বে জবাবদিহিতার আওতায় আনতে হবে।” তিনি আরও বলেন, “কর্মক্ষেত্রের নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।”
উল্লেখ্য, আজ দুপুরে মিরপুরের ওই ছয়তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন