অক্টোবর ১৫, ২০২৫, ০৯:৫৪ এএম
রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।ঘটনাস্থলে রিজভী বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক
প্রকাশ করেছেন এবং দলের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।”এ সময় তিনি এই ভয়াবহ দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন। তিনি বলেন, “একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার ভেতরে কীভাবে একটি রাসায়নিকের গুদামসহ কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হলো? এখানে অবশ্যই কর্তৃপক্ষের গাফিলতি এবং নজরদারির অভাব রয়েছে, আর সেজন্যই বারবার এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটছে।”
রিজভী এই ঘটনার একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।এদিকে, একই রাতে ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মিরপুরের ওই ভবনে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস এবং এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন