অক্টোবর ১৫, ২০২৫, ১০:২৪ এএম
রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে দলের আমির ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমান বলেন, “এই দুর্ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের শোকের গভীরতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারা গরিব ও পরিশ্রমী মানুষ, পেটের দায়ে কাজ করতে এসে প্রাণ দিয়েছেন। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ঈমানি দায়িত্ব।”
তিনি সমাজের বিত্তবান ব্যক্তি এবং অন্যান্য মানবিক সংগঠনগুলোকেও ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর সাহায্যে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।এর আগে, বিএনপির পক্ষ থেকেও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মিরপুরের ওই ছয়তলা ভবনে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস এবং এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই ভয়াবহ দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন