বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নারীদের অনন্য মর্যাদায় অভিষিক্ত করতে চায় জামায়াতে ইসলামী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ০৯:১১ পিএম

নারীদের অনন্য মর্যাদায় অভিষিক্ত করতে চায় জামায়াতে ইসলামী

ছবি - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জামায়াতে ইসলামী মায়ের জাতিকে মায়ের মর্যাদায় অধিষ্ঠ করতে চায়। পুরুষের পাশাপাশি নারীদেরকে জাতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ করে দিয়ে অনন্য মর্যাদায় অভিষিক্ত করতে চায় জামায়াত।”বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন হলে ঢাকা-১৫ আসন (মিরপুর-কাফরুল) আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন এক সংগ্রামে লিপ্ত রয়েছি, যার মাধ্যমে সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করে একটি ইতিবাচক পরিবর্তন আনা হবে। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে কোনো হানাহানি, বৈষম্য, জুলুম বা নির্যাতন থাকবে না।”তিনি বলেন, “আমাদের লড়াই কোনো সশস্ত্র সংগ্রামের নাম নয়, বরং শয়তানের প্ররোচনার বিপরীতে নিজের নফসের ওপর নিয়ন্ত্রণ আরোপ করাই হলো প্রকৃত সংগ্রাম।”

ইসলাম প্রতিষ্ঠায় নারীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “হযরত খাদিজাতুল কুবরা (রা.)-এর ত্যাগের মাধ্যমেই ইসলাম প্রাথমিক পর্যায়ে শক্তি অর্জন করেছিল। ইসলামই নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে।” তিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় নারী সমাজকে আবারও ময়দানে ঐতিহাসিক ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম।