অক্টোবর ১৬, ২০২৫, ০৯:২৫ পিএম
ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কমিশনের একটি প্রতিনিধি দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।
এ সময় বিএনপি চেয়ারপার্সন অনুষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন বলে জানা গেছে।ঐকমত্য কমিশনের পক্ষে আমন্ত্রণপত্র নিয়ে যান কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও কমিশন সদস্য মনির হায়দার। এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
অন্যদিকে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণপত্রটি গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই আয়োজনে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন