অক্টোবর ১৭, ২০২৫, ০৭:৪৫ পিএম
ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বাক্ষর করার পরপরই এর দ্রুত বাস্তবায়ন নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, “দীর্ঘ আলোচনার মাধ্যমে তৈরি হওয়া জুলাই সনদ খুব দ্রুতই বাস্তবায়ন করতে হবে। এতে বিলম্ব করা হলে তা জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি হবে এবং দেশে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।”
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।জুলাই সনদের আইনি ভিত্তি এখনো তৈরি না হওয়া সত্ত্বেও কেন তারা সনদে স্বাক্ষর করলেন—এমন প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, “জুলাই সনদের বিষয়বস্তুর সঙ্গে জামায়াত একমত। সনদের সঙ্গে আমরা যে একমত, তা বোঝানোর জন্যই আইনি ভিত্তির আগে এতে সই করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা প্রধান উপদেষ্টার ওপর আস্থা রেখেছি এবং আশা করছি তিনি তার কথা রাখবেন। এই সরকার যেন দেশের নতুন সংকটের ক্ষেত্রে কোনো ধরনের আধিপত্য (হেজিমনি) তৈরি না করে।”
এর আগে, জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি দল জুলাই সনদের ওপর জাতীয় নির্বাচনের আগেই, অর্থাৎ নভেম্বরের মধ্যে, গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছিল। ডা. তাহেরের এই বক্তব্যে সেই দাবিরই প্রতিধ্বনি শোনা গেল, যা সনদ পরবর্তী রাজনৈতিক আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন