বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে নাহিদের প্রতিক্রিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৫, ০৮:০০ পিএম

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে নাহিদের প্রতিক্রিয়া

ছবি - সংগৃহীত

যেদিন দেশের ৩৩টি রাজনৈতিক দল ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বাক্ষর করে ঐক্যের বার্তা দিচ্ছে, ঠিক সেদিনই এই আয়োজনকে ‘জাতীয় ঐক্য নয়’ বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই প্রতিক্রিয়া জানান।

নাহিদ ইসলাম বলেন, “শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায় বলে আমাদের দেশের কিছু মানুষের ধারণা। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে। তারা এটিকে জাতীয় ঐক্য নামে আখ্যা দিতে চায়। কিন্তু এটা কোনো ঐক্য নয় বলে আমরা মনে করি।”

এর আগে, বৃহস্পতিবার রাতেই এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তারা এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। দলের মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, “যেহেতু এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে সনদের কোনো আইনি ভিত্তি অর্জিত হচ্ছে না, এটি কেবলই একটি আনুষ্ঠানিকতা মাত্র। আমরা বারবার আইনি ভিত্তির কথা বলেছি। তাই আমরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছি না।”

তবে তিনি জানান, ঐকমত্য কমিশনের মেয়াদ যেহেতু বাড়ানো হয়েছে, তাই তারা আলোচনা চালিয়ে যাবেন এবং তাদের দাবি পূরণ হলে পরবর্তীতে সনদে স্বাক্ষর করার বিষয়টি বিবেচনা করবেন।

উল্লেখ্য, এনসিপি এবং চারটি বামপন্থী দলের বর্জন সত্ত্বেও আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ৩৩টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে।