অক্টোবর ১৭, ২০২৫, ১০:৪৪ পিএম
ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের অধিকাংশ রাজনৈতিক দল অংশ নিলেও, অনুপস্থিত ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকারদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সনদ বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট আইনি ভিত্তি বা পথনির্দেশনা না থাকায় এই স্বাক্ষর অনুষ্ঠানকে ‘আনুষ্ঠানিকতা মাত্র’ বলে আখ্যায়িত করেছে দলটি।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন তাদের দলের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, “সনদ বাস্তবায়নের পথটাই যেখানে অনুল্লেখ থেকে যায়, সেখানে ধোঁয়াশা থাকে। তাহলে আমাদের সমস্ত অর্জন বিফলে যাবে। এ কারণেই আমরা আজকের সনদ স্বাক্ষরের অনুষ্ঠান থেকে বিরত থেকেছি।”
তিনি বলেন, ঐকমত্য কমিশনের মেয়াদ যেহেতু ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে, তাই এই সময়ের মধ্যে তারা কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।আখতার হোসেন বলেন, “আমরা চাই, সনদ বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট খসড়া আদেশ জারি করা হোক এবং গণভোটের বিষয়েও চূড়ান্ত ফয়সালা করা হোক। এই বিষয়গুলোর সমাধান না হলে আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করব।”
তিনি আরও বলেন, “কমিশনের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান চাই। তবে এর মধ্যে গাফিলতি দেখা গেলে, অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।”এনসিপির এই অবস্থানের ফলে এটি স্পষ্ট যে, সনদ স্বাক্ষরিত হলেও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক ও আলোচনা অব্যাহত থাকবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন