বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জুলাই যোদ্ধাদের মধ্যে ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে: সালাহউদ্দিন আহমদ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ১২:৩৫ পিএম

জুলাই যোদ্ধাদের মধ্যে ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে: সালাহউদ্দিন আহমদ

ছবি - সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, “জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে। গতকাল জাতীয় সংসদ ভবন এলাকায় তারাই বিশৃঙ্খলা করেছে। জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এমন বিশৃঙ্খলা করতে পারে না।”

শনিবার (১৮ অক্টোবর) সকালে ঢাকার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।গতকাল (শুক্রবার) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ‘জুলাই যোদ্ধা’দের একটি অংশের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই যোদ্ধাদের একটি যৌক্তিক দাবি ছিল (রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন)। সেই দাবি পূরণে আমিও কথা বলছিলাম এবং তাদের দাবির প্রতি সম্মান জানিয়েই ঐকমত্য কমিশন জুলাই সনদের অঙ্গীকারনামায় পরিবর্তন এনেছিল। এরপরও তাদের অসন্তোষ থাকার কথা নয়। কিন্তু আমরা দেখলাম, আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।”

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি ও চারটি বাম দলের অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, “গণতন্ত্রের মধ্যে সবাই একমত হবে এমন কোনো কথা নেই। ভিন্নমত থাকতেই পারে। তাদের স্বাক্ষর না করার প্রভাব আগামী নির্বাচনে পড়বে না। তবে আশা করি, তারাও ভবিষ্যতে এই সনদে সই করবেন।”