বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জুলাই সনদে সই না করে কি ছিটকে পড়ল এনসিপি? যা বললেন নাহিদ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ০১:২৫ পিএম

জুলাই সনদে সই না করে কি ছিটকে পড়ল এনসিপি? যা বললেন নাহিদ

ছবি - সংগৃহীত

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর না করা নিয়ে ওঠা সমালোচনার কড়া জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। বরং যারা গতকালের (শুক্রবার) অনুষ্ঠানে গিয়ে স্বাক্ষর করেছেন, তারাই গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছেন।”

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়ার কোনো প্রতিফলন গতকালের স্বাক্ষর অনুষ্ঠানে ঘটেনি। সনদের আইনি ভিত্তি না থাকলে এটা জনগণের সঙ্গে একটা বড় প্রতারণা হবে।”

তিনি আরও বলেন, “শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায় বলে আমাদের দেশের কিছু মানুষের ধারণা। আমরা মনে করি, এটা কোনো জাতীয় ঐক্য নয়।”

উল্লেখ্য, গতকাল (শুক্রবার) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ৩৩টি রাজনৈতিক দল ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বাক্ষর করে। তবে, এনসিপিসহ পাঁচটি দল সনদের আইনি ভিত্তির বিষয়ে সুস্পষ্ট রূপরেখা না থাকায় এই অনুষ্ঠান বর্জন করেছিল।