অক্টোবর ১৮, ২০২৫, ০৪:৪৫ পিএম
ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের অধিকাংশ রাজনৈতিক দল অংশ নিলেও, এই আয়োজন বর্জন করেছে জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকারদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সনদ স্বাক্ষর না করার কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, “জুলাই সনদের আইনগত ভিত্তি ও বৈধতা নিশ্চিত না করেই এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জাতিকে পরিষ্কার ধারণা না দিয়েই সরকার অনুষ্ঠানটি আয়োজন করেছে। এটি কেবলই একটি আনুষ্ঠানিকতা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন এতে ঘটেনি, একারণেই আমরা স্বাক্ষর করা থেকে বিরত থেকেছি।”
তিনি অভিযোগ করে বলেন, “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মঞ্চ থেকে দূরে বসিয়ে অমর্যাদা করা হয়েছে। তাদের ওপর হামলা চালিয়ে এই সনদকে ‘পাওয়ার এলিটের সেটেলমেন্ট’ বা ক্ষমতাধরদের আপস-মীমাংসার দলিলে পরিণত করার চেষ্টা হয়েছে।”
এনসিপির এই নেতা আরও বলেন, “সনদের বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে জাতিকে ধোঁয়াশায় রাখা হয়েছে। অভ্যুত্থান-পরবর্তী যেকোনো ব্যবস্থার একটি নৈতিক ও আইনি ভিত্তি থাকতে হয়, কিন্তু এই সনদে তার উল্লেখ নেই।”তিনি সতর্ক করে বলেন, এই সনদের মাধ্যমে সংবিধানের ‘বেসিক স্ট্রাকচার’ পরিবর্তনের যে চেষ্টা চলছে, তা ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, যা জুলাই সনদকে জনগণের সঙ্গে একটি ‘সাংবিধানিক প্রতারণা’য় পরিণত করতে পারে।
তিনি জানান, ঐকমত্য কমিশনের মেয়াদ যেহেতু বাড়ানো হয়েছে, তাই তারা কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। তবে দাবি পূরণ না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন