অক্টোবর ১৯, ২০২৫, ০৯:৫৩ এএম
জুলাই সনদ’-এর আইনি ভিত্তি প্রদান এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সাতটি সমমনা দল এবার ‘যুগপৎ’ বা একযোগে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। এর আগে দলগুলো আলাদাভাবে ‘অভিন্ন’ কর্মসূচি পালন করলেও, এবারই প্রথম তারা একমঞ্চ থেকে যৌথ কর্মসূচি ঘোষণা করতে চলেছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ রোববার (১৯ অক্টোবর) বেলা ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে একটি যৌথ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে জানান, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫-দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত দলসমূহের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সেল থেকেও জানানো হয়েছে, চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরতে দলগুলোর শীর্ষ নেতারা এই যৌথ প্রেস ব্রিফিংয়ে কথা বলবেন।
যে ৭টি দল এই যুগপৎ আন্দোলনে রয়েছে, সেগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে পিআর সিস্টেম ও গণভোটের দাবিতে এই দলগুলোর একযোগে রাজপথে নামার ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের ওপর নতুন করে চাপ সৃষ্টি করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন