অক্টোবর ১৯, ২০২৫, ০৫:৫৬ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “এখন আর বিভক্ত থাকার সময় নয়। যারা শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে লড়ছে, তারা যদি ঐক্যবদ্ধ হয়, ইনশাআল্লাহ হাসিনা আর কখনো ক্ষমতায় ফিরতে পারবেন না।”
রোববার (১৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফারুক বলেন, “ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন, তারা আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না। আসুন, সবাই মিলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিই।”
সাবেক এই সংসদ সদস্য আওয়ামী লীগকে ‘ভারতের হাতের ক্রীড়নক’ হিসেবে অভিহিত করে বলেন, “তারা বাংলাদেশের মানুষের স্বার্থ নয়, বরং পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় ব্যস্ত। তিস্তা নদীতে আমরা পানি পাই না, ফেলানির লাশ সীমান্তে ঝুলে থাকে, তারপরও তারা বলে মোদি আমাদের বন্ধু! মোদি কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না।”তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, “আপনি দেশে গণহত্যা চালাবেন, গণতন্ত্র ধ্বংস করবেন, ভারতীয় সমর্থনের ওপর নির্ভর করে রাজনীতি করবেন, আবার দেশে আসতে চাইবেন, তা হবে না।”
আয়োজক সংগঠনের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানিসহ ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন