বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নিজেদের মধ্যে প্রতিহিংসা থাকলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ০৫:১৪ পিএম

নিজেদের মধ্যে প্রতিহিংসা থাকলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে

ছবি - সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, “গণতন্ত্র একটি বাগান। এই বাগানে নানান ধরনের ফুল ফুটবে, নানান মত-পার্থক্য থাকবে। তাই বলে প্রতিহিংসা থেকে দূরে থাকতে হবে। নিজেদের মধ্যে প্রতিহিংসা থাকলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে।”সোমবার (২০ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয়তাবাদী চালক দল’ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “জামায়াতে ইসলামী মানেই ইসলাম ধর্ম না। নামের শেষে ইসলাম আছে বলেই তারা ইসলামী দল নয়। এর প্রমাণ তো আপনারা এবার পূজাতেই দেখতে পেরেছেন। তাদের নেতারা গীতা পাঠ করেছেন, আরও কত কী বলেছেন, তা তো আপনারা দেখেছেন।”

তিনি আরও বলেন, “কয়েকটি রাজনৈতিক দলের নেতারা মুখে এক কথা বললেও তাদের মনে অন্য কিছু। তারা একদিকে বলেন, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) ছাড়া জুলাই সনদে সই করবেন না, অন্যদিকে ঠিকই সই করেছেন।”

আলাল বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি দেড় যুগ ধরে আন্দোলন করেছে। পরবর্তীতে শিক্ষার্থী, তরুণ, কৃষকসহ সকল শ্রেণির মানুষ এই আন্দোলনে অংশ নেওয়ায় আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। দেশের মানুষের এখনও যুদ্ধ শেষ হয়নি। তাদের ভোটের অধিকার আদায়ের জন্য লড়াই করতে হচ্ছে।”